শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সঙ্গে করা এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি বৈঠক করে ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে বলেও সভায় জানানো হয়।
যেহেতু অনেক শিক্ষার্থী বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে, তাই এ সিদ্ধান্তটি অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং এর পরের সব পরীক্ষা থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।


