জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকার গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—“সবার আগে বাংলাদেশ”। আমরা বিশ্বাস করি, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন। একইসঙ্গে তারা পিলখানা হত্যাকাণ্ডে মৃত্যুবরণকারী বিডিআরের (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন।’
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ উপস্থিত ছিলেন।


