অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাকসু নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদপ্রার্থী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সোহাগী সামিয়া এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা লিখিত আকারে আমাদের অভিযোগ তুলে ধরব।’
সংশপ্তক পর্ষদের অভিযোগ, ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে ছাত্রীরা জাল ভোট দেয়ার চেষ্টা করেছে। ভোটারদের জন্য আগে থেকেই পূর্ণ ব্যালট পেপার পাওয়া গেছে, এবং শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ হলেও কেন্দ্রের জন্য ৪০০টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এ ছাড়া ভোটার তালিকায় ছবি না থাকা এবং বহিরাগতদের ভোট কেন্দ্রে উপস্থিতির অভিযোগও উঠেছে। রফিক-জব্বার হলে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া, বিভিন্ন হলগুলোতে বহিরাগতদের উপস্থিতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বপূর্ণ আচরণও ঘটেছে। এই পরিস্থিতিতে, সংশপ্তক পর্ষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
লিখিত বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, ‘আমরা জাকসু নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্যানেল এবং শিক্ষার্থীদের অনুরোধ করছি, প্রশাসন ও ছাত্র শিবিরের পক্ষ থেকে ভোট ডাকাতির যে চক্রান্ত চলেছে, তা একযোগভাবে প্রতিহত করার জন্য।’


