জর্ডান ম্যাচের চার ভুল শুধরে বাটলারের লক্ষ্য থাইল্যান্ড ম্যাচ

জর্ডান ম্যাচের চার ভুল শুধরে বাটলারের লক্ষ্য থাইল্যান্ড ম্যাচ
প্রস্তুতি ম্যাচের ৪ ভুল শুধরে টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে পিটার বাটলার বাহিনী। ছবি: বাফুফে
Advertisement
Advertisement

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের দারুণভাবে শানিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। শনিবার জর্ডানের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ের রেশ কাটতে না কাটতেই আজ রবিবার সকালে ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে নামে পিটার বাটলারের শিষ্যরা। থাইল্যান্ডের কড়া রোদ আর আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এই সেশনে ফুটবলারদের ঘাম ঝরাতে দেখা গিয়েছে। জর্ডান ম্যাচে করা চারটি সুনির্দিষ্ট ভুল শুধরে নিয়ে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের রণকৌশল সাজাতে এখন ব্যস্ত লাল-সবুজ বাহিনী।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রটোকল অনুযায়ী আজ থেকেই নির্ধারিত ভেন্যুতে শুরু হয়েছে বাংলাদেশের এই মহড়া। মাঠের অনুশীলনে মূলত ওয়ার্ম-আপ, টেকনিক্যাল ড্রিল এবং পজেশন-ভিত্তিক ফুটবলের ওপর জোর দিয়েছেন কোচ। সেশনের শেষ ভাগে ছিল সেট-পিস নিয়ে বিশেষ পরিকল্পনা। আগের দিন পূর্ণ বিশ্রামে থাকায় আজ ফুটবলারদের মধ্যে সতেজতা ছিল চোখে পড়ার মতো। গত সপ্তাহে ভারতের সাথে ১-১ গোলে ড্র করার পর জর্ডানের বিপক্ষে জয়টি বাংলাদেশের আত্মবিশ্বাস গ্রাফকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে মামনি চাকমা ও সুরভী আকন্দ প্রীতির গোল দুটির ধরন কোচকে আশ্বস্ত করেছে আক্রমণভাগের ধার নিয়ে।

মাঠের অনুশীলনে কোচ পিটার বাটলারের মনোযোগ ছিল ছোট ছোট খুঁটিনাটি বিষয়ের দিকে। জর্ডান ম্যাচে জয় এলেও দলের কিছু জায়গায় ঘাটতি ছিল। দলের স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতি অনুশীলনের ফাঁকে জানালেন সেই পরিকল্পনার কথা। প্রীতি বলেন, ‘আমরা গত ম্যাচে জর্ডানের সাথে খেলেছি। ওই ম্যাচে আমাদের যে চারটি ভুল হয়েছিল, কোচ আজ মাঠে সেগুলো নিয়ে কাজ করেছেন এবং আমরা তা শুধরানোর চেষ্টা করেছি।’ মাঠের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘মাঠের পরিবেশ খুবই চমৎকার, আমাদের ভালো লেগেছে। দলের সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ছোটখাটো কিছু ইনজুরি থাকলেও তা দ্রুত সেরে যাবে বলে আশা করছি।’

বিকেলের দিকে ফুটবলারদের হোটেলের জিমে স্ট্রেচিং সেশন এবং সন্ধ্যায় ভিডিও অ্যানালিসিস মিটিংয়ের মাধ্যমে দিনের রুটিন ওয়ার্ক শেষ করবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, যাদের শক্তি ও দুর্বলতা নিয়ে এরই মধ্যে কাটাছেঁড়া শুরু করেছেন কোচ বাটলার। প্রীতির ভাষ্যমতে, ‘কোচ নিশ্চয়ই আমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে থাইল্যান্ডের খেলার ধরণ বুঝিয়ে দেবেন এবং আমরা সেই অনুযায়ী মাঠে কাজ করব।’ আপাতত বড় কোনো চোটের খবর নেই ক্যাম্পে, যা টুর্নামেন্টের আগে স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আগামীকালও একই সময়ে ও একই ভেন্যুতে দ্বিতীয় দিনের অনুশীলন সারবে বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad