পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিন আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জানান।
রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য দেন।
এর আগে, মনিরুল হক অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এর ফলে অপরাধমূলক কাজ বাড়ছে উল্লেখ করে তিনি কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনার প্রতি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে বলেন, ‘সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে সমাধান করেছি। পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের মতো জরুরি বাহিনীগুলোর ওপর তেলের যে সীমাবদ্ধতা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আশা করি এখন থেকে আর সমস্যা হবে না।’


