কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে শামসু আলম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মাতারবাড়ির দক্ষিণ রাজঘাটে সোমবার এশার নামাজের একটু আগে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শামসু আলম মাতারবাড়ীর ওই গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে। ওই হামলায় নেতৃত্ব দেওয়া ইসহাক ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ শাখার সেক্রেটারি।
স্থানীয়রা জানায়, ইসহাকের সঙ্গে তার আপন জেঠাতো ভাই শামসু আলমের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা কিছু লোক শামসু আলমকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় মাতারবাড়ী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমিত্র বড়ুয়া বলেন, জমি-সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।


