দেশের নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক করতে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশব্যাপী এ শুমারি চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
বুধবার এক বিজ্ঞপ্তিতে নৌপরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এ তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এ শুমারি পরিচালনা করবে। এর মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।
শুমারিতে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য, হালনাগাদ ও পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে। এর ফলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার, নৌপথ ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে।
শুমারি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক, শ্রমিকসহ অন্যান্য অংশীজনদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। শুমারি কার্যক্রমে নিয়োজিত বিবিএসের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ ‘নৌযান শুমারি ২০২৬’ নৌপরিবহন খাতের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


