দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ১৯ আগস্টের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৪৩০ জন পুরুষ ও ২৪১ জন নারী। মারা যাওয়া দুজনের একজনের বয়স ৬ থেকে ১০ বছর, অন্যজনের ৩১ থেকে ৩৫ বছর।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন বরিশালে, ১৩৩ জন। খুলনায় ১০৩, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৮৩, ঢাকায় ৭০ ও ময়মনসিংহে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। রংপুরে ছয়জন ও সিলেটে তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে খুলনা ও ঢাকায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে হাসপাতালে ভর্তি ২৬ হাজার ২৭২ রোগীর মধ্যে ২৪ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২৭ জন।
চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশালে, ৪ হাজার ৬২৯ জন। এরপর চট্টগ্রামে ৪ হাজার ১৮৯ জন। ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩ হাজার ৪৭৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ হাজার ৬৭২ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া খুলনায় ৩ হাজার ৫৯৯, ময়মনসিংহে ১ হাজার ২৫৮, রাজশাহীতে ১ হাজার ২৬২, রংপুরে ৭১১ ও সিলেটে ১৩৯ জন আক্রান্ত হয়েছেন।
মাসভিত্তিক তথ্যেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার চিত্র দেখা গেছে। মার্চে আক্রান্ত ছিলেন ৩৫৩ জন। মে মাসে তা বেড়ে ২ হাজার ৯০৭ জনে দাঁড়ায়। জুনে আক্রান্ত হন ৯ হাজার ২০৬ জন, জুলাইয়ে ১০ হাজার ৯৬২ জন। আগস্টের প্রথম ১৯ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১ জন।
চলতি বছরে আক্রান্তদের ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ২ শতাংশ নারী। তবে মৃতদের মধ্যে নারীর হার বেশি। মোট মৃত্যুর ৫৭ দশমিক ৯ শতাংশ নারী ও ৪২ দশমিক ১ শতাংশ পুরুষ।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, ৭৬ মৃতের মধ্যে ৪১ জনের চিকিৎসা হয়েছে সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। ৩৪ জনের চিকিৎসা হয়েছে সিটি করপোরেশন এলাকার বাইরে।


