অর্থ লোপাটকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও জব্দ করা সম্পদ ব্যবহারের জন্য সরকার একটি পৃথক তহবিল ব্যবস্থাপনা চালু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করতে এই তহবিল ব্যবহার করা হবে।’
গভর্নর মনসুর বলেন, ‘এই সরকারই প্রথমবারের মতো এ ধরনের একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ, জব্দ করা অর্থ ও সম্পদ এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই এ তহবিলের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হবে। ব্যাংকের টাকা ব্যাংককে ফেরত দেওয়া হবে। অন্য খাত থেকে যেসব অর্থ আত্মসাৎ করা হয়েছে, তা জনহিতকর কাজে ব্যয় করা হবে।’
এটি বাস্তবায়নের প্রশ্নে গভর্নর বলেন, ‘ব্যাংকে যে অর্থ আমানত হিসেবে জমা আছে, তা সহজেই পাওয়া পাবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এস আলম গ্রুপের ১২ থেকে ১৫ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে। এই শেয়ার একটি স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক পাবে, যা আমানতকারীদের ফেরত দেওয়ার কাজে ব্যবহার করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহিনুল ইসলাম।


