জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন।
শুক্রবার রাত ১০ টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্যসচিবের সঙ্গে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম আমরা। এসময় হঠাৎ হাসিব ভাই বলেন, “আমি নিঃশ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে।” আমি দ্রুত তাকে পানি দেই। পানি নেওয়ার আগেই উনি পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা ন্যাশনাল মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, ‘যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার পালস ছিল খুব কম। ইসিজি রিপোর্টও ভালো পাইনি। ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এরপর রাত ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় কেন্দ্রীয় ছাত্রদল, ছাত্রশিবির ও ডাকসুর নেতারা উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদলের পরিবারের সবার অনেক প্রিয় ছিল হাসিব। তার মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা তাকে জকসু নির্বাচনের জন্য ভেবে রেখেছিলাম। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল।’
জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন হাসিব। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের ভোলায়। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।


