তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জনগণের জানার অধিকার সুরক্ষিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য নির্বাচনী ইশতেহারের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে স্বাধীন কমিশনের মাধ্যমে। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিবেদিতভাবে কাজ করতে হবে।’
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তার ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর যোগদান উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এ সময় সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্ন মতকে সঠিকভাবে প্রবাহিত করাই তথ্য মন্ত্রণালয়ের কাজ।’
তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সামনে যে প্ল্যান বা পরিকল্পনা তুলে ধরেছেন, তার বাস্তবায়ন ও অগ্রগতি যথাসময়ে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে তথ্য মন্ত্রণালয়কে।’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে, সেগুলোকে প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। নিউমিডিয়ার শক্তিকে কাজে লাগাতে হবে।’
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় ও পরিচিতিমূলক এ সভায় নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


