চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আসামি মো. মিজানসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।তিনি জানান, রোববার ও সোমবার চট্টগ্রাম নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে গত শুক্রবার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল এক নম্বর সমাজের বাজার এলাকা থেকে আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গেলে র্যাব কর্মকর্তা ও সদস্যরা সন্ত্রাসী হামলার শিকার হন। স্থানীয় দুর্বৃত্তরা তাদের আটকে রেখে বেদম মারধর করে। এতে র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। সেই সঙ্গে তিনজন র্যাব সদস্য আহত হন। তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় গত ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে। মামলার এজাহারে বলা হয়েছে, র্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র্যাবের আটক করা এক আসামিকে। চার র্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে।


