সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সোয়া ১০টায় তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করছেন। কর্মসূচি ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময়।’
প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন বলেও জানান আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতারের যোগ দেবেন প্রধানমন্ত্রী।
১৭ বছর পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। এরপর প্রতি শনিবারে সরকারি ছুটির দিনেই তাকে অফিস করতে দেখা গেছে। গত শনিবার তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করেন।


