চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ দশমিক ১১৬ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
সোমবার ভোরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান আলমগীর খান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহলদল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে থাকে। এসময় এক ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়।
তবে তিনি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি দর্শনা মোবারকপাড়া গ্রামের বাসিন্দা।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১ দশমিক ১৬৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৪৭ লাখ ৮৯ ১৬০ টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।


