চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কায় সুরুজ আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা রোডের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী পৌর এলাকার ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহত দুজন হলেন- হাজরাহাটি গ্রামের পটলা পীরের ছেলে ইন্তাদুল (৫৫) ও শ্মশান ঘাট পাড়ার ইমন হোসনের ছেলে হৃদয় হোসেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সুরুজ মারা গেছেন। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুন রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


