চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার।
এদিন পর্যন্ত চাকসুতে মোট ৯৭ জন ও হল সংসদের ৭২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকাল ৪টা পর্যন্ত তোলা যাবে মনোনয়নপত্র।
এদিকে নির্বাচনী কৌশল হিসেবে ছাত্রদলের একাংশ মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত ছাত্রশিবির কোনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার শেষ দিনই তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে।
সোমবার ১৪১ জন চাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে চারজন, সম্পাদক পদে ৩৩ জন ও সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য সোমবার ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়েদের হলে ৪৫ জন এবং ছেলেদের হলে ২৭ জন। সোমবার পর্যন্ত ছেলেদের আলাওল ও শহীদ ফরহাদ হোসেন হলে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সূত্রে জানা যায়, সোমবার বিকেল পর্যন্ত ২০ জন প্রার্থী ডোপটেস্ট করেছেন।
চাকসুর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রীদের জন্য সকাল থেকে বসে আছি। তারা তাদের সুবিধামতো আসছে। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আশা করছি মঙ্গলবার সবাই চলে আসবে।’
এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা সময় বাড়ানোর কোনো কারণ দেখছি না।’
এদিকে সোমবার পর্যন্ত ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট যৌথ এবং ইসলামী ছাত্র আন্দোলন এবং হল সংসদে পাহাড়ি মেয়েরা বাদে আর কোনো ছাত্রসংগঠন চাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে তাদের প্যানেল ঘোষণা করেনি এবং মনোনয়নপত্রও তুলতে আসেনি।
ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে তারা কেউ এখনো মনোনয়নপত্র তোলেনি। সবাই বুঝতে চাইছে, অন্য ছাত্রসংগঠনগুলোর কে কোন পদে মনোনয়নপত্র তুলেছে। সেই অনুযায়ী অন্যরা প্রার্থী ঠিক করে মনোনয়নপত্র সংগ্রহ করবে।
চবি শাখা শিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, ‘প্যানেল গঠন নিয়ে আমাদের কাজ এখনও চলছে। দুপুরের পরে আমরা মনোনয়নপত্র তুলতে যাব।’


