চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নয় জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুর চার জন এবং হল সংসদের প্রার্থী পাঁচ জন।
মঙ্গলবার সন্ধ্যায় চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চাকসুর চার জন আর হল সংসদের পাঁচ জন। তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’
মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের নাম ও পদ জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল মনোনয়ন প্রত্যাহার করা সকল প্রার্থীর বিষয়ে একসঙ্গে জানানো হবে।’
অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। দুপুরে চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্তও নেওয়া হয়। জরুরি এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের পরেরদিন ক্লাস বন্ধ থাকবে।


