প্রায় ১৩৭ বছর পর এশিয়ার বৃহত্তম ঢাকা বার সমিতিতে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যক্রম। এখন থেকে আইনজীবীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই তাদের চাঁদা পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনো বিড়ম্বনা ছাড়াই এ টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।
সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আইনজীবীদের আগে সমিতির অফিস থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশের বাইরে থাকেন বা ঘরে বসে থাকেন, আপনার হাতে বিকাশ থাকলেই টাকা জমা দিতে পারবেন। সঠিক সময়ে চাঁদা পাওয়ার মাধ্যমে সমিতির আয়ও বৃদ্ধি পাবে।’
এ সময় আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) পক্ষে ভোট চান তিনি।
সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ‘আজ ঢাকা আইনজীবী সমিতি যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।’
অনুষ্ঠানে সমিতির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত থেকে বক্তৃতা দেন। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


