চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘প্রয়োজনে জীবন দেব তবু জনগণের অধিকার ক্ষুণ্ন হতে দেব না।’
ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলনের জনসমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘১৯৪৭ সালে আমাদের পূর্বপুরুষরা ভারত থেকে আলাদা ভূখণ্ড এনে দিয়েছেন। এরপর ১৯৭১ ও ২০২৪ সালে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। ২৪-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তরুণ প্রজন্ম।’
তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক যুবক দেশ গড়ার হাতিয়ার। আমরা তাদের অভিশাপের বেকার না রেখে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলব। আগামীর বাংলাদেশের ককপিটে বসবে যুবকরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে।’
চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজরা দেশের সাধারণ মানুষের ওপর কালো ছায়া হয়ে নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘কথা দিচ্ছি ক্ষমতায় গেলে আমরা চাঁদাবাজি করব না।’
এসময় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনি রাজনীতি করেন আবার চাঁদাবাজিও করেন এর মানে আপনি অবশ্যই চাঁদাবাজ।’ চাঁদাবাজি বন্ধে সাধারণ মানুষকেও মাঠে সবসময় সতর্ক ও একতাবদ্ধ থাকতে হবে বলেও আহ্বান জানান তিনি।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো দৃশ্যমান নয় উল্লেখ করে তিনি বলেন ‘মা-বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের।’
জনসমাবেশে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, ‘সারাদেশে একটি দল সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাকাণ্ড চালাচ্ছে। জামায়াতের নেতা-কর্মী ও নারী কর্মীদের ওপর হামলা হচ্ছে, নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। এসব সন্ত্রাসীমূলক কাজে আমাদের দল ও পুরো দেশ বিক্ষুব্ধ।’
সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদরা যে ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চেয়েছিল, একটি দল পুরনো সেই সন্ত্রাসের বাংলাদেশ ফিরিয়ে আনতে চাচ্ছে।’
তিনি অভিযোগ করেন শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় বিএনপির সন্ত্রাসীরা যুক্ত। বিএনপি খুন ও চাঁদাবাজির রাজনীতি কায়েম করছে।
সমাবেশে বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ন রাখতে এবং জামায়াতে ইসলামীকে ভোট দিতে উপস্থিত জনতাকে আহ্বান জানান।


