বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দলের নামের শেষে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না। এই যুক্তিতে গেলে যত নুরুল ইসলাম আছে, সবাই ইসলাম হয়ে যেত। ধর্মের নাম ব্যবহার করে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। তারা এসব করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।’
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় জামায়াতের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে মিটিং-মিছিল করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। কারণ দেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রে উত্তরণের জন্য অপেক্ষা করছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেটি দেখার দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রতিবাদ জানানোর ভাষা অবশ্যই প্রতিবাদের মতো হতে হবে, কিন্তু কোনোভাবেই উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। কেউ যদি এসব ঘটনা ব্যবহার করে রাজনৈতিকভাবে মাঠ উত্তপ্ত করতে চায়, আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি।’
বিএনপির পরিকল্পনা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘কেউ কেউ বলে বিএনপির পরিকল্পনা অবাস্তব। অথচ বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি কীভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—বিএনপির পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জামায়াত যদি দেশের মানুষের জন্য কী করবে, তা নিয়ে কোনো পরিকল্পনা বা ইশতেহার দিত এবং জনগণ তা পছন্দ করত, তাহলে মানুষ তাদের ভোট দিত। এটাই রাজনীতি এবং এটাই গণতন্ত্রের চর্চা। কিন্তু তারা তা না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’
পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ দলের অন্যান্য নেতারা।


