ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। একইসাথে ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশে আটক থাকা ২৩ ভারতীয় জেলেকে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সরকারের উদ্যোগে আটক জেলেদের এই বিনিময় হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জেলেকে ফিরিয়ে নেন। বিনিময়ে ভারতের মালিকানাধীন দুইটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যাবাসন কার্যক্রমটি নির্বিঘ্নে শেষ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্য সংস্থা ও বাহিনী একযোগে কাজ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


