রাজধানী ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে নয়জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকালে জাহাজবাড়ি হত্যা মামলায় শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১। সেই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামক বাড়িতে জঙ্গি সন্দেহে নয়জনকে আটক রাখা হয়। পরে সোয়াত ও সিটিটিসি টিম জঙ্গি নিধন অভিযানের নামে বাড়িটিতে প্রবেশ করে গুলি চালিয়ে তাদের হত্যা করে।
প্রসিকিউশনের দাবি, নিহত নয় তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ দুই থেকে তিন মাস ধরে ডিবি হেফাজতে ছিলেন।


