শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যু ঝুঁকি হ্রাস ও রাতকানা রোগ প্রতিরোধে চাঁদপুর জেলায় এবছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন।
তিনি বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, জেলার ৮ উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।


