চাঁদপুরের হাইমচর উপজেলায় ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে ওমর ফারুক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক ছোট লক্ষ্মীপুর গ্রামে নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুর ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে এই ঝগড়া বিবাদ দেখা দেয়।
ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে নাতি ওমর ফারুক তা থামাতে এগিয়ে যান। এ সময় বিবাদীপক্ষের লোকজন হঠাৎ ওমর ফারুক ও তার নানার পরিবারের লোকজনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। মরিচের গুঁড়ার তীব্রতায় তারা দিশেহারা হয়ে পড়লে প্রতিপক্ষের একজন ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ মারে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় ফারুককে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানা পুলিশ জানায়, মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। এই বিষয়ে মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


