কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনিক দত্ত আর নেই। বুধবার (২৭ মে) দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এই নির্মাতা। পরে দ্রুত তাকে ঢাকুরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানান। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনিক দত্ত।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। ভৌতিক আবহে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ উপস্থাপনের জন্য ছবিটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত হয়। পরে ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘অপরাজিত’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।
বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমধর্মী নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন অনীক দত্ত। সমাজ-রাজনীতি, সাহিত্যনির্ভর গল্প, সূক্ষ্ম রসবোধ ও ব্যঙ্গাত্মক উপস্থাপন ছিল তার চলচ্চিত্রের প্রধান বৈশিষ্ট্য।
কলকাতায় জন্ম নেওয়া অনীক দত্ত পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। চলচ্চিত্রে আসার আগে দীর্ঘদিন বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার প্রভাব তার সংলাপ ও নির্মাণশৈলীতেও স্পষ্টভাবে ফুটে উঠেছিল।


