ভোলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের সিকদারের চরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চরফ্যাশন চৌকি আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরন এ তথ্য নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এক আসামিও আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবদুল মালেক পন্ডিত, মো. ইব্রাহিম ও আব্দুল মান্নান। এ ছাড়া মো. সেলিম, মো. রফিক, মো. জসিম, মো. ফিরোজ, মো. সোহাগ, মো. আলম বাচ্ছু ও মো. কবিরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে দণ্ডিতদের অর্থদণ্ড করা হয়েছে এবং অনাদায়ে অতিরিক্ত সাজাও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজাদ নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৯ নভেম্বর গভীর রাতে মুজিব নগর ইউনিয়নের সিকদারের চরে আলম মেলকারের বসতঘরে হামলা চালিয়ে বকুল বেগম ও মুকুল বেগম নামের দুই নারীকে কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থলেই বকুল বেগম মারা যান।
এ ঘটনায় ওই বছরের ২ ডিসেম্বর স্থানীয় অলিল চৌকিদার বাদী হয়ে দুলারহাট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তারা ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


