চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনে স্ট্রিট গ্যাং ও আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্টদের ব্যবহার করে প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। এসবের তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর মুরাদপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় এনসিপির নগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে চট্টগ্রামের পরিস্থিতি উদ্বেগজনক। বিশেষ করে চট্টগ্রাম-৮ আসনে সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’
‘যদি কোনো রাজনৈতিক দল ক্রিমিনাল নেটওয়ার্ক, স্ট্রিট গ্যাং বা আন্ডারওয়ার্ল্ডের সহায়তায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে সেটি শুধু একটি আসনের নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়ার জন্য হুমকি।’
বিএনপির প্রার্থীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এনসিপি প্রার্থী বলেন, কোনো রাজনৈতিক নেতা যদি অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রাখেন বা তাদের সহায়তায় মাঠে নামেন, তাহলে ভোটারদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য হত্যার ঘটনার পরও সেখানে দৃশ্যমান কোনো অভিযান দেখা যায়নি। এতে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা আরও বেড়েছে।’
ভোট যদি ভোটের মতো না হয়, যদি সন্ত্রাসের মাধ্যমে কেন্দ্র দখলের চেষ্টা হয়, তাহলে জনগণ ও ছাত্র-যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
নিজের নিরাপত্তা প্রসঙ্গে এনসিপির এই প্রার্থী জানান, প্রার্থীর জন্য বরাদ্দকৃত ব্যক্তিগত গার্ড তিনি গ্রহণ করেননি। তার মতে, একজন প্রার্থীর নিরাপত্তার চেয়ে কর্মী ও ভোটারদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
এখনই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে উল্লেক করে ইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


