চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন- বিএনপির মোস্তফা কামাল পাশা ও জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দিন।
এই আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চট্টগ্রামের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেছে নির্বাচন কমিশন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মনোনয়ন বাতিল হওয়া দুজন প্রার্থী হলেন- জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালাম ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা।
জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালামের মনোনয়নপত্রে দলের একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সই ছিল। তবে নির্বাচন কমিশন জানায়, কেবল দলের চেয়ারম্যান জিএম কাদেরের সই করা প্রার্থী দলীয় প্রার্থী হবেন। কাজেই রুহুল আমিনের দেওয়া মনোনয়ন বাতিল করা হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ঋণখেলাপী ও এক শতাংশ প্রদত্ত সইয়ের মধ্যে দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করা ১০ জন ভোটারই সইয়ের বিষয়টি অস্বীকার করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন নিজেকে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক উল্লেখ করেছেন। তবে তিনি আমেরিকান গ্রিনকার্ড দাখিল করেননি। আমজাদ হোসেনের সবশেষ ভ্রমণের তথ্যসহ অন্য নথি জমা দেওয়ার জন্য বিকাল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যথায় মনোনয়ন বাতিল বলে গণ্য হতে পারে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আচরণ বিধি লঙ্ঘন হলে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আন্তর্জাতিক মহলে আমরা দেখিয়ে দিতে চাই আমরাও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারি। সব প্রার্থীর প্রতি অনুরোধ থাকবে নির্বাচনের শেষ পর্যন্ত যেন তারা আচরণ বিধি মেনে চলেন।’
উল্লেখ্য, চট্টগ্রাম-৩ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করেন এবং পাঁচ প্রার্থী মনোনয়ন দাখিল করেন।


