চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় আগামী এক মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ পুরো বন্দর এলাকায় রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ সালের ৩০ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সিএমপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র—যেখানে দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার পণ্যবাহী যানবাহন বন্দরে চলাচল করে। ফলে এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ বা মিছিল ট্রাফিক ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এবং বন্দর কার্যক্রমে বাধা সৃষ্টি করে, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।
এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্দরের আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি।


