চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় একটি ব্যস্ত সড়কের এক পাশ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশের সড়কের একটি অংশ হঠাৎ বসে গেলে এ পরিস্থিতির তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
দেবে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
একই প্রকল্পের অধীনে প্রায় তিন বছর আগে প্রবর্তক মোড়ে খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বিপরীতে সড়কের এক পাশ দেবে গিয়ে বড় গর্ত তৈরি হওয়ায় দ্রুত তা সামাল দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা বালুর বস্তা ফেলে ভরাটের চেষ্টা করছেন।
এ সময় সড়কের ওই অংশে ফিতা টানিয়ে ঘিরে দেওয়া হয়। ফলে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যায় এবং বাকি অংশ দিয়ে সীমিত যান চলাচল চলতে থাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনভোগান্তি।
প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন জানান, সড়ক দেবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। আপাতত বালুর বস্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বৃষ্টি থামলে ক্ষতিগ্রস্ত অংশে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করা হবে।


