চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার সিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি পুলিশের।
কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তবে অভিযানের সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ইটের ভাঙা টুকরা ও আটটি কাঠের লাঠি জব্দ করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগের কয়েকজন নেতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।


