চট্টগ্রামে নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৩টার দিকে নগরের কোতোয়ালি থানার দেওয়ানজি পুকুরপাড় এলাকায় অনুকূলচন্দ্র সেবাশ্রম সংলগ্ন ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, পলি চৌধুরী পটিয়ার পৃঙ্গলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন। মা বর্তমানে বিদেশে আছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার থেকে পলি চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তার বোন। রোববার দুপুরে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান তিনি। পরে জাতীয় জরুরি সেবা নাম্বারে ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দমকল বাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, মরদেহটি কিছুটা পচে গিয়েছিল এবং শরীর ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


