চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে আফিফা আবেদীন (২২) ও হুজাইরা নূর (৮) নামে দুই খালাতো বোন মারা গেছেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওরগা পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আফিফা উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর হুজাইরা ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে।
জানা গেছে, আফিফা ও হুজাইরা এক সঙ্গে পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে হুজাইরা পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে আফিফাও ডুবে যান। পরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, কয়েকদিন আগে আফিফা তার খালার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার খালতো বোনের সাথে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটে।


