চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তবে তারা সপরিবারে চকরিয়ার মালুমঘাট এলাকায় বসবাস করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সাইমুন সিরাজ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ওই তরুণীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি স্লিপার কোচের সঙ্গে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের যাত্রী সুমাইয়া জান্নাত মারা যান। তিনি চকরিয়া থেকে কলেজে যাওয়ার জন্য চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।’
ওসি আরও জানান, এই দুর্ঘটনায় আর কেউ তেমন আহত হননি। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে আছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

