চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদের’ প্রধান সংগঠক মোহাম্মদ শহিদুল ইসলামও রয়েছেন।
রোববার রাত ৯টার দিকে নগরের নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে একটি বৈঠক চলছিল, যা সাধারণ কোনো সামাজিক আয়োজন ছিল না। আগে থেকেই নজরদারিতে থাকায় ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা সম্ভব হয়েছে।’
পুলিশ জানিয়েছে, বৈঠকে দেশের বাইরে অবস্থান করা দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডিবির তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন। পলাতক নেতাদের নির্দেশনায় তারা স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ শহিদুল ইসলাম ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা বলে জানিয়েছে পুলিশ। সংগঠনটি শেখ হাসিনার নির্দেশ ও সম্মতিতে গঠিত হয়েছে- এমন দাবি করে তিনি বিভিন্ন জেলায় এর কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে আরও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইন- শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।


