দলীয় নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে। ভিডিওতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা হারানো বিএনপির সাবেক মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে একটি উঠান বৈঠকে বক্তব্য দিতে দেখা যায়।
সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে। বক্তব্যের ওই অংশটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের (ট্রাক প্রতীক) সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনে আপিলের পর তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে রিট ও আপিল বিভাগের কাছে লিভ টু আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি।
এ অবস্থায় আসনটিতে জোটগত সমঝোতার ভিত্তিতে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। তবে বিতর্কিত বক্তব্যের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেয় দলটি।


