চট্টগ্রামে আলাদা তিন সড়ক দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী, নৌবাহিনীর সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পটিয়া ও লোহাগাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
পটিয়া উপজেলায় প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জিরি মাদ্রাসা গেট এলাকায়। এ সময় একটি বাসের চাপায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈগ্রাম এলাকার মো. হাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে স্বর্ণের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে প্রতিবেশীর মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে পটিয়ার শান্তিরহাট এলাকায় যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। পথে জিরি মাদ্রাসা গেট এলাকায় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই উপজেলার আরেকটি দুর্ঘটনায় শুক্রবার সকাল ৮টার দিকে পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় বাসের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত মো. সাকিব (৩৯) চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর ঈশা খান ঘাঁটির সৈনিক। এ ঘটনায় আহত হয়েছেন মো. ইকরাম হোসেন (২৯) নামে আরও একজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব ও ইকরাম মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। পটিয়া বাইপাসের শেয়ানপাড়া পয়েন্টে পৌঁছালে পেছন থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
র্যাবের একটি টহল দল আহত ইকরামকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নৌবাহিনীর সদস্য। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এদিকে একইদিন সকাল ১০টার দিকে লোহাগাড়া উপজেলা সদরে আরও একটি সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে মোটরসাইকেল ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে ওই যুবক নিহত হন।
নিহত চুহিম লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জানান, চুহিম একটি কাপড়ের শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রামমুখী একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চুহিম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


