চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে খিরাম আর্মি ক্যাম্পের সদস্যরা আব্দুল্লাহপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন।
রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন মেজর সাইফুর রহমান তুর্জো। সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান। এ সময় এ অভিযানে মোট ২৩ সেনা সদস্য অংশ নেন।
খিরাম আর্মি ক্যাম্প জানিয়েছে, প্রথমে বর্তমান চেয়ারম্যান অহিদুল আলমের ভাতিজা মো. ইরফানের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেখান থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। পরে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে অভিযান চালালে বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার হয়।
এসময় একটি রাইফেল, রাইফেল অ্যামুনেশন তিন রাউন্ড, পিস্তলের গুলি ছয় রাউন্ড, বন্দুকের কার্তুজ সাত রাউন্ড, ব্ল্যাংক কার্তুজ ১১ রাউন্ড, মোবাইল ফোন ১৬টি, চাইনিজ কুড়াল একটি, পাহাড়ি দা দুইটি, ছোট-বড় চাকু সাতটি এবং একটি লোহার চেইন ছাড়াও দুর্বৃত্তদের ব্যবহৃত ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
মেজর সাইফুর রহমান তুর্জো বলেন, ‘অভিযান শেষে আটক আব্দুল হালিম প্রকাশ ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সামগ্রী ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। বর্তমানে আসামি লক্ষীছড়ি জোনে সেনা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’


