রাজধানী ঢাকার চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুর ১টা ৩৪ মিনিটে চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ছয় ইউনিটের চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে জানান, আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায় নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ভবনের তৃতীয় তলাটিতে ইলেকট্রনিকস সামগ্রীর দোকান রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


