গ্রামে কোনো লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘গ্রামে পল্লী বিদ্যুতের লাইন লম্বা হওয়ায় তা নষ্ট হলে ঠিক করতে বেশি সময় লাগায় অনেক সময় বিদ্যুৎ থাকে না।’
মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যেটা হয়, সেটা পল্লীবিদ্যুতের লম্বা লাইনের জন্য। সেখানে ত্রুটি হলে খুঁজে সংস্কার করতে সময় লাগে। এজন্য বিদ্যুৎ আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’
‘লোডশেডিং একটা সাময়িক সমস্যা। আমাদের যে উৎপাদনের যে সামর্থ্য আছে। তাতে এ সমস্যা কাটানো যাবে’, যোগ করেন তিনি।
কিছুদিন আগে জ্বালানির যে ‘কৃত্রিম’ সংকট তৈরি করা হয়েছিল সে বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখায় জেলাপ্রশাসকদের ধন্যবাদ জানান ইকবাল হাসান মাহমুদ।
‘গরম বাড়লে লোডশেডিং হবে কি হবে না তা এখনই বলা যাচ্ছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘ক্যাপাসিটি চার্জ নিয়ে আজও কথা হয়েছে। এ বিষয়ে সমাধান আসবে।’
‘দেশে তেলের সংকট কখনও ছিল না। তেলের সংকটের জন্য কখনও বিদ্যুতের সংকট হয় না’ দাবি করে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টিতে দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে।’
সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা আছে তা বাস্তবায়নে জেলা প্রশাসকদের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দুই-তিন মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’


