মাঝনদী থেকে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করল কোস্ট গার্ড

মাঝনদী থেকে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করল কোস্ট গার্ড
ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

মাঝনদীতে বিপদে পড়া এক প্রসূতি মা ও তার নবজাতককে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামক লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারীর তীব্র প্রসব বেদনা শুরু হয়। লঞ্চেই তিনি একটি শিশুর জন্ম দেন, কিন্তু প্রসব পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

বিপজ্জনক পরিস্থিতি দেখে লঞ্চের সুপারভাইজার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে কল করে সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্রুততম সময়ে মোহনপুর লঞ্চঘাটে পৌঁছায়। মেডিকেল টিমটি লঞ্চে উঠে প্রসূতি মা ও নবজাতককে নিবিড়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করতে ঘাটে থাকা ইজিবাইকে করে দ্রুত মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

সাব্বির আলম সুজন বলেন, ‘জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা আমাদের বাহিনী ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad