গোপালগঞ্জে বুধবার সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটির অন্য দুই সদস্য হিসেবে থাকছেন দুজন অতিরিক্ত সচিব। তাদের একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের, আরেকজন আইন ও বিচার মন্ত্রণালয়ের।’
কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যেকোনো বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগভাবে জবাবদিহির আওতায় আনা হবে।’
বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে চারজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।


