গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। ব্যাটারিচালিত ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। অন্য নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাসেল মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ইজিবাইক মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল। মাঝিগাতী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ছয়জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজন মারা যান। পরে গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।


