গোপালগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এতে তার হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে।
সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় ওই যুবকের বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাড়িতে বসে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মতিউর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্দেহজনক বিষয় বিবেচনায় তাকে পুলিশ পাহারায় খুলনায় পাঠানো হয়েছে।
আহতের স্বজনদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসীম কুমার ধর জানান, আহতের ক্ষত দেখে আতশবাজির বিস্ফোরণ বলে মনে হয়নি। ক্ষতের ধরন দেখে ককটেল বা হাতবোমার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি বিশেষজ্ঞরা নিশ্চিত করতে পারবেন।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।


