বাংলাদেশে চালু আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’, যা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত।
সিটি ব্যাংক ও মাস্টারকার্ড-ভিসার সহযোগিতায় এই সেবা চালু হওয়ায় এখন থেকে ব্যাংকের গ্রাহকেরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে অ্যান্ড্রয়েড ফোন ছুঁয়ে স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন।
এই সুবিধার ফলে এনএফসি-সক্ষম পস টার্মিনালে কোনো প্লাস্টিক কার্ড ছাড়াই দেশি-বিদেশি কেনাকাটায় ঝামেলাহীনভাবে লেনদেন করা যাবে। উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘গুগল পে’ তথ্য নিরাপত্তা নিশ্চিত করছে।
মঙ্গলবার গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘গুগল পে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় পদক্ষেপ। প্রত্যেক নাগরিককে আর্থিক সেবার আওতায় আনতে হবে, এজন্য ব্যাংকগুলোকে স্কুলের সাথেও কাজ করতে হবে।’
তিনি আরও জানান, মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামিয়ে আনা এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান লক্ষ্য। পাশাপাশি, খেলাপি ঋণ কমাতে ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানের সংস্কার কার্যক্রম চলছে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের ক্ষেত্রে যুগান্তকারী।’
অনুষ্ঠানে গুগল, মাস্টারকার্ড ও ভিসার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


