ঢাকার গাবতলীতে ট্রাকচাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুসরাত জাহান (১৪)। তিনি মোহাম্মদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
নুসরাতের বাবা মো. সোহাগ জানান, আত্মীয়ের বাসা থেকে অটোরিকশায় সপরিবারে মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ের বাসায় ফিরছিলেন তারা। গাবতলী বেরিবাধ এলাকায় আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাটিতে ধাক্কা দিলে ছিটকে পড়ে নুসরাত। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নুসরাতকে চাপা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


