গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল।
পথে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে মিনিবাসটির। এতে মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যান ফ্লাইওভার থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পরিদর্শক ইফতেখার হোসেন জানান, নিহত দুজনের মরদেহ শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।


