গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের রেল ও সড়কপথ অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের রেল ও সড়কপথ অবরোধ, যান চলাচল বন্ধ
অবরোধের কারণে সড়ক ও রেলপথে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আঞ্চলিক সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়কসহ গাজীপুর-রাজশাহী ও গাজীপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে সড়ক ও রেলপথে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ সময় জয়দেবপুর জংশনে দুটি ট্রেন আটকা পড়ে।

এর আগে, গত রোববার ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা দেওয়ার সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল এবং দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

অবরোধের ফলে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন আঞ্চলিক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মুন্না বনিক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।’

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ ইসহাক পিকু জানান, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা রেলপথ অবরোধ করে রেখেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবেন না। নেতৃবৃন্দ বারবার তাদের বোঝানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

স্টেশন মাস্টার মো. মাহমুদ হাসান জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত রেল ও সড়ক অবরোধ থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad