গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে গুদামটিতে আগুন লাগে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, সে সম্পর্কে কিছু জানা যায়নি। রাত ১০টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন স্থানীয়দের বরাত দিয়ে জানান, আমবাগ এলাকায় নাদের আলী স্কুলের পিছনে ঝুটের গুদামে সন্ধ্যার পর হঠাৎ ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাপড়ের ঝুটে লাগা আগুন মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে তারাই ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট।
পাশের স্কুল ভবনে যেন আগুন ছড়িয়ে না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘ঝুটের গোডাউনে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে না গেলে সাধারণত আগুন নেভানো যায় না।’


