গাজীপুরে পাঁচটি ঘোড়ার জবাই করা মাংসসহ ডালিম মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সিএন্ডবি বাজারের একটি দোকান থেকে পিকআপ ভ্যানে করে ঘোড়ার মাংস ঢাকায় পাঠানো হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দোকানে তল্লাশি চালিয়ে ঘোড়ার মাথা ও বিভিন্ন অংশ বস্তায় ভরে সরিয়ে ফেলার সময় ডালিম মিয়াকে আটক করে।
অভিযুক্ত ডালিম মিয়া জানান, তার এক আত্মীয় বরিশালে মাংসের ব্যবসা করেন। তিনি জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে আগের রাতে গাজীপুর নিয়ে আসেন। পরে সেগুলো জবাই করে মাংস ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


